প্রকাশিত: Thu, Feb 23, 2023 10:14 AM
আপডেট: Thu, Jun 4, 2026 11:50 PM

অ্যাপল কমিউটারের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জন্মদিন

পাপ্পী আয়ান : [১] স্টিভ জবস, পুরোনাম স্টিভেন পল জবস যুক্তরাষ্ট্রের একজন উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবক ছিলেন। তাকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ বলা হয়। তিনি স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন এর সঙ্গে ১৯৭৬ সালে ‘অ্যাপল কম্পিউটার’ প্রতিষ্ঠা করেন। তিনি অ্যাপল ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতাদের অন্যতম ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ‘পিক্সার এ্যানিমেশন স্টুডিওস’র প্রতিষ্ঠাতাদের অন্যতম ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাও ছিলেন। 

[২] স্টিভ জবস ২৪ ফেব্রুয়ারি ১৯৫৫ সালে সান ফ্রান্সিস্কোতে জন্মগ্রহণ করেন। তিনি কুপারটিনো জুনিয়র হাই স্কুলে এবং হোমস্টিড হাই স্কুলে ভর্তি হয়েছিলেন। তিনি প্রায়ই হিউলেট-প্যাকার্ড কোম্পানির লেকচারগুলোতে অংশগ্রহণ করতেন। যেখানে পরবর্তী সময়ে তিনি গ্রীষ্মকালীন কর্মচারী হিসাবে স্টিভ ওজনিয়াকের সঙ্গে কাজ করেন। ১৯৭২ সালে জবস হাই স্কুল জীবন শেষ করেন এবং রীড কলেজে ভর্তি হন। [৩] জবস অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে বছরে মাত্র ১ মার্কিন ডলার বেতন গ্রহণ করতেন। অবশ্য তাঁর কাছে অ্যাপলের ৫.৪২৬ মিলিয়ন শেয়ার ছিল, যার মূল্য ২.১ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া ছিল ডিজনির ১৩৮ মিলিয়ন শেয়ার, যার মূল্য ৪.৪ বিলিয়ন মার্কিন ডলার। ২০১০ সালে ফোর্বসের হিসাব অনুসারে, তাঁর সম্পত্তির পরিমাণ ৮.৩ বিলিয়ন মার্কিন ডলার। 

যা তাকে যুক্তরাষ্ট্রের ৪২তম ধনী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করে। [৪] স্টিভ জবস ১৯৮৫ সালে স্টিভ ওজনিয়াকের সঙ্গে প্রথম ন্যাশনাল মেডেল অব টেকনোলজি লাভ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন ২০১১ সালে ৩২ জনের নাম ‘পার্সন অফ দ্য ইয়ার’ হিসেবে মনোনীত করে। এ তালিকায়- ‘আঙ্গেলা ম্যার্কেল’, ‘বারাক ওবামা’, ‘সিলভিও ব্যার্লুস্কোনি’, ‘লিওনেল মেসি’ প্রমূখ বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের পাশাপাশি তিনিও স্থান পেয়েছেন। জবস অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগে ২০১১ সালের ৫ অক্টোবর মারা যান।